৫ কার্গো এলএনজি আমদানি করছে সরকার, ব্যয় ২ হাজার ৩৭২ কোটি টাকা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:১৮ পিএম
হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অচলাবস্থার কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো, যুক্তরাজ্য থেকে দুই কার্গো এবং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কেনা হবে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত জরুরি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জন্য স্বল্পমেয়াদি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ দুই কার্গো গ্যাস কিনতে মোট ব্যয়ের পরিমাণ এখনো চূড়ান্ত করা হয়নি।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর বিধান অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরও তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি অনুমোদন অনুযায়ী, ২৬-২৭ জুনের জন্য ২৬তম, ৩০ জুন-১ জুলাইয়ের জন্য ২৭তম এবং ৬-৭ জুলাইয়ের জন্য ২৮তম কার্গো হিসেবে তিনটি এলএনজি চালান দেশে পৌঁছাবে।
এর মধ্যে এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে। বাকি দুই কার্গো কেনা হবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে।
আন্তর্জাতিক বাজার থেকে এই তিন কার্গো এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হবে ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৭৮৪ টাকা।