গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

গ্রাহক ও পাইকারি—উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এক সংবাদ সম্মেলনে নতুন মূল্যহার ঘোষণা করা হয়, যা দ্রুত কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ঘোষণায় গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ। এর ফলে বিদ্যুৎ ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ঘোষিত মূল্যহার অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিভিন্ন শ্রেণির গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে।

পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ দশমিক ০৪ টাকা থেকে বাড়িয়ে গড়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সঞ্চালন খরচ ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ও রক্ষণাবেক্ষণ ব্যয় ধারাবাহিকভাবে বাড়তে থাকায় মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্কলন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসেবে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ প্রায় ১২ দশমিক ৯১ টাকায় পৌঁছাতে পারে।

এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সঞ্চালন খরচ আরও বাড়ানোর প্রস্তাব দিলেও সবদিক বিবেচনায় বর্তমান হার নির্ধারণ করেছে কমিশন।

এর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে ৮ দশমিক ৫০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495