ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম
ইরান থেকে নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই কারণে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, নতুন হামলার এই ধাপ ইতোমধ্যেই শুরু হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, রোববার তারা ইরান থেকে নিক্ষিপ্ত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ধ্বংস করেছে। সংস্থাটি আরও জানায়, ইরানের আগ্রাসন শুরুর পর থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।
এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি হামলার পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্কতা জারি করার পরপরই এই বিস্ফোরণ ঘটেছে।