ইসরায়েলের ধ্বংস চেয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন খাজা আসিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
লেবাননে প্রাণঘাতী হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় দেওয়া একটি পোস্ট মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই পোস্টটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
গত ৮ তারিখ লেবাননে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়ে খাজা আসিফ এক পোস্টে ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ আখ্যা দেন। তিনি দাবি করেন, গাজা, ইরান এবং সর্বশেষ লেবাননে ধারাবাহিক হামলায় নিরপরাধ মানুষ নিহত হচ্ছেন এবং রক্তপাত থামছে না।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, একদিকে ইসলামাবাদে শান্তি সংলাপের প্রস্তুতি চললেও অন্যদিকে লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। পাশাপাশি তিনি ইসরায়েলকে ‘ক্যান্সার রাষ্ট্র’ হিসেবেও উল্লেখ করেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
খাজা আসিফের এই বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, কোনো দেশের প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য ‘ভয়ানক’ এবং অগ্রহণযোগ্য। বিশেষ করে যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরে, তাদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’রও এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলকে ‘ক্যান্সার’ হিসেবে উল্লেখ করা কার্যত দেশটিকে ধ্বংসের আহ্বান জানানোর শামিল। এমন মন্তব্যকে ইহুদি-বিদ্বেষী বলে আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তা রক্ষায় সবসময় প্রস্তুত। সূত্র: টাইমস অব ইসরায়েল