অবশেষে ইসরায়েলের নাম উল্লেখ না করে লেবাননে হতাহতের নিন্দা জানাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম
লেবাননে সাম্প্রতিক ভয়াবহ হামলায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে আখ্যা দিলেও তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে হামলার জন্য দায়ী দেশের নাম উল্লেখ করা হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, লেবাননের বর্তমান সংঘাত এবং এর ক্রমবর্ধমান উত্তেজনা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, ‘লেবাননের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত, তাই চলমান পরিস্থিতি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলছে।’
এই উদ্বেগের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ভারতের সক্রিয় অংশগ্রহণ। সেখানে বিপুলসংখ্যক ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। ফলে সংঘাত তীব্র হলে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত জরুরি। একই সঙ্গে সংঘাতরত পক্ষগুলোকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় ভারত ঐতিহ্যগত ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখলেও বেসামরিক হতাহতের ঘটনায় এবার স্পষ্ট উদ্বেগ জানিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলায় শতাধিক মানুষ নিহত এবং সহস্রাধিক আহত হন। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে লেবাননের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন। এ ঘটনায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানিয়েছে।