ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম
ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র—এমনই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধজাহাজগুলোতে ইতোমধ্যে অত্যাধুনিক গোলাবারুদ প্রস্তুত রাখা হচ্ছে।
শুক্রবার (১০ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের জাহাজগুলোতে আধুনিক অস্ত্র সজ্জিত করছি। কোনো চুক্তি না হলে এগুলো কার্যকরভাবে ব্যবহার করা হবে।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হয়। এতে অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
আলোচনার অগ্রগতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই—সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যেই—এটি সফল হবে কি না তা জানা যাবে।
তিনি অভিযোগ করেন, ইরান আলোচনায় এক ধরনের অবস্থান নিলেও প্রকাশ্যে ভিন্ন বক্তব্য দিচ্ছে। তার ভাষায়, তারা সরাসরি বলে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে, কিন্তু পরে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইচ্ছার কথা জানায়। ফলে বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, আলোচনায় বসার আগে কিছু শর্ত পূরণ জরুরি। এর মধ্যে রয়েছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের আটকে থাকা সম্পদ মুক্ত করা।
শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। পুরো পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে আন্তর্জাতিক মহল।