ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ, যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির কর্মকর্তাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের প্রথম দিনের আলোচনা সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই বৈঠক চলে। শুরুতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষ আলাদা কক্ষে অবস্থান করে এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীরা তাদের মধ্যে বার্তা আদান-প্রদান করেন।

তবে সন্ধ্যার দিকে আলোচনায় নতুন মোড় আসে। মধ্যস্থতাকারী সূত্রের বরাতে আল জাজিরা জানায়, পরে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। এ সময় পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও আলোচনার টেবিলে উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি বৈঠকে অংশ নেন, যা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে সরাসরি আলোচনা করেছেন। এতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণ, পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা এবং বৈশ্বিক নেতাদের ইতিবাচক বার্তা মিলিয়ে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাবাদ জোরদার হয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495