কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম
উত্তর কোরিয়া ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’-এর সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষা চালিয়েছে। গত রোববার পরিচালিত এই পরীক্ষায় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রতিরক্ষা কমান্ডারদের সঙ্গে নিয়ে কিম জং উন এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন। পরীক্ষার অংশ হিসেবে যুদ্ধজাহাজটির সমন্বিত অস্ত্র কমান্ড সিস্টেম যাচাই, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পদ্ধতিতে ক্রুদের প্রশিক্ষণ এবং উন্নত নেভিগেশন ও অ্যান্টি-জ্যামিং প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়।
এ সময় দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, কিম জং উনকে নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র ব্যবস্থা সম্পর্কেও অবহিত করা হয়, যা ‘চোয়ে হিয়ন’ শ্রেণির তৃতীয় ও চতুর্থ যুদ্ধজাহাজ তৈরির ইঙ্গিত দেয়।
কিম জং উন বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি তিনি দ্রুত পাল্টা আঘাতের সক্ষমতা ও কৌশলগত হামলার প্রস্তুতি বাড়ানোর ওপর জোর দেন।
উত্তর কোরিয়া ২০২৫ সালের এপ্রিলে প্রথমবার ৫ হাজার টন ওজনের ‘চোয়ে হিয়ন’ শ্রেণির যুদ্ধজাহাজে অস্ত্র পরীক্ষা চালায়। পরবর্তীতে দেশটি আরও উন্নত নৌবাহিনী গঠনের পরিকল্পনা অব্যাহত রাখার কথা জানায়।