ইরান উপকূলে ১০ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ এএম

ছবি: সংগৃহীত

ইরানের উপকূলীয় অঞ্চল ঘিরে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের নিকটবর্তী জলসীমায় ১০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করে।

মোতায়েনকৃত সেনাদের মধ্যে নৌবাহিনী, মেরিন এবং বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও প্রস্থানকারী জাহাজের ওপর নজরদারি চালাচ্ছেন এবং নৌ-অবরোধ কার্যকর করছেন বলে দাবি করা হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে একটি বিমানবাহী রণতরী থেকে তোলা ছবিও প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড।

এদিকে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, নির্দিষ্ট যুদ্ধবিরতি পরিস্থিতিতে প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এ নৌপথে আংশিক স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রণালি খুলে দেওয়া হলেও নৌ-অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, পরিস্থিতি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান এই সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495