ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত সরকার। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিষয়টি প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস।

এই নির্দেশনা এমন সময় এলো, যখন ইরান ও ভারতের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরুর বিষয়ে ইতিবাচক আলোচনা চলছিল। তবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আকাশপথের অনিশ্চয়তা বিবেচনায় এনে নাগরিকদের দ্রুত দেশত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ভারতীয় নাগরিককে ইরান ভ্রমণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আকাশপথ কিংবা স্থলপথ—কোনো মাধ্যমেই নতুন করে দেশটিতে প্রবেশ না করতে বলা হয়েছে। যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে প্রস্থান প্রক্রিয়া সম্পন্ন করতে নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্থানকালে বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের পরামর্শ মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে স্থল সীমান্ত ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত পথ অনুসরণের কথা বলা হয়েছে।

দূতাবাস আরও সতর্ক করেছে, পূর্ব ঘোষণা বা সমন্বয় ছাড়া আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর না হতে। এতে লজিস্টিক জটিলতা ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।

চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমায় বিধিনিষেধ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ভারত সরকার তাদের নাগরিকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই এ অঞ্চলে সংঘাতের আশঙ্কা বাড়তে শুরু করলে ভারত সরকার ধাপে ধাপে একাধিক সতর্কতা জারি করেছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495