নিজের ভাইকেও পদ থেকে সরালেন সিরিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:১৬ পিএম
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরকারের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছেন। শনিবার একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়। এ পরিবর্তনের মধ্যে নিজের ভাই মাহের আল-শারাকেও পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমাকে প্রেসিডেন্সি কার্যালয়ের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাহের আল-শারার স্থলাভিষিক্ত হলেন।
একইসঙ্গে তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। নতুন তথ্যমন্ত্রী হিসেবে খালেদ ফাওয়াজ জারুর এবং কৃষিমন্ত্রী হিসেবে বাসেল হাফেজ আল-সুয়েদানকে নিয়োগ দেওয়া হয়েছে।
খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে এই আকস্মিক রদবদলের কারণ সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে গঠিত অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আহমেদ আল-শারার ঘনিষ্ঠদের প্রভাব স্পষ্ট ছিল। সাম্প্রতিক এই পরিবর্তনকে সিরিয়ার ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া হোমস, কুনেইত্রা, লাতাকিয়া ও দেইর ইজ্জোরসহ একাধিক প্রদেশে নতুন গভর্নরও নিয়োগ দেওয়া হয়েছে।