ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ধস, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবৈধ স্বর্ণখনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, পশ্চিম সুমাত্রার সিজুঞ্জুং জেলায় অবস্থিত ওই অবৈধ খনির পাশে থাকা একটি পাহাড় বৃহস্পতিবার হঠাৎ ধসে পড়ে। তখন শ্রমিকরা পাহাড়ের প্রায় তিন মিটার গভীরে কাজ করছিলেন। আকস্মিক ধসের কারণে তারা সবাই মাটিচাপা পড়ে যান।

পশ্চিম সুমাত্রা পুলিশের মুখপাত্র সুস্মেলাবতি রোসা বলেন, ঘটনাস্থলটি একটি অবৈধ স্বর্ণখনি ছিল। ধসের সময় সেখানে কর্মরত ৯ জন শ্রমিক প্রাণ হারান। তবে তিনজন শ্রমিক কোনোভাবে জীবিত বের হতে সক্ষম হন।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার অভিযান চালায়। পরে নিখোঁজদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে খনিটি বন্ধ করে পুলিশি নিরাপত্তার আওতায় রাখা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

ইন্দোনেশিয়ার মতো খনিজসম্পদ সমৃদ্ধ দেশে অনুমোদনহীন খনিতে কাজ করা সাধারণ ঘটনা। বিশেষ করে পরিত্যক্ত খনিগুলোতে নিরাপত্তা ছাড়াই স্থানীয়রা ঝুঁকি নিয়ে সোনা উত্তোলন করেন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায়, ফলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

এর আগেও ২০২৪ সালে সুলাওয়েসি দ্বীপে এবং গত বছর পশ্চিম জাভার একটি চুনাপাথরের খনিতে একই ধরনের দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছিল।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ওয়ালহি। তাদের তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে শুধু পশ্চিম সুমাত্রাতেই অবৈধ খনিতে দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।

সংগঠনটি বলেছে, এই দুর্ঘটনা আবারও প্রমাণ করেছে যে ঝুঁকিপূর্ণ অবৈধ খনন কার্যক্রম নিয়ন্ত্রণে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495