ইরানের জন্য ‘খুবই খারাপ সময়’ অপেক্ষা করছে: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৩৭ এএম
মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানের জন্য ‘খুবই খারাপ সময়’ অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি এতে রাজি না হয়, তাহলে দেশটিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, আলোচনায় পৌঁছানোর ক্ষেত্রে শুধু ওয়াশিংটনের নয়, ইরানেরও গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে আলোচনার আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। তবে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো তেহরানের মধ্যে অবিশ্বাস রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা গেলে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছেও তিনি বোঝাতে সক্ষম হবেন যে, ইরানে চালানো ব্যয়বহুল সামরিক অভিযান শেষ পর্যন্ত সফল হয়েছে।
এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই দেশটির ওপর দুবার সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।