লেবানন যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:১৫ এএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এতে করে গত ২ মার্চ থেকে শুরু হওয়া লেবানন যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার নিহত কর্মকর্তার পরিচয় নিশ্চিত করে জানায়, তার নাম ক্যাপ্টেন মাওজ ইসরায়েল রেকানাতি (২৪)। তিনি অধিকৃত পশ্চিম তীরের ইতামার বসতির বাসিন্দা ছিলেন এবং গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পর তাকে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এদিকে হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, ট্যাংক, বুলডোজার ও সামরিক যানবাহনের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সুর, বিনতে জবেইল ও নাবাতিয়েহ জেলার বিভিন্ন গ্রামে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৬৯ জন নিহত এবং ৯ হাজার ১১২ জন আহত হয়েছেন।

শনিবার হিজবুল্লাহ সম্ভাব্য শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে। সংগঠনটি অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের চাপের কারণে লেবাননের কর্তৃপক্ষ বিভিন্ন ছাড় দিচ্ছে। তাদের মতে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা দেশটির দখলদারিত্ব ও লেবাননের ভূখণ্ড ও সম্পদের ওপর তাদের দাবি বৈধতা দেবে।

হিজবুল্লাহ আরও জানায়, তারা শান্তি চুক্তির পরিবর্তে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার, সব ধরনের হামলা বন্ধ, বন্দি মুক্তি এবং শর্তহীন পুনর্গঠনের দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত তৃতীয় দফা আলোচনায় লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়। পাশাপাশি উভয় পক্ষ শান্তি চুক্তির লক্ষ্যে চতুর্থ দফা আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495