সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৪৪ এএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করতে বড় ধরনের আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে শুটিং করা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে যোগ্য স্থানীয় ব্যয়ের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় বা ক্যাশ রিবেট দেওয়া হবে।

শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন এই নতুন প্রণোদনা কার্যক্রম ঘোষণা করে। এই ঘোষণার ফলে বৈশ্বিক চলচ্চিত্র প্রণোদনার তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে সৌদি আরব।

কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম সেশনে পরিকল্পনাটি উপস্থাপন করেন সৌদি ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল কাহতানি। তিনি জানান, নতুন কাঠামোতে শুধু রিবেটের হার বাড়ানো হয়নি, বরং অর্থ ছাড়ের প্রক্রিয়াও দ্রুত করা হয়েছে। পাশাপাশি কালচারাল ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে যৌথভাবে নতুন অর্থায়ন প্যাকেজ চালু করা হয়েছে, যা সাংস্কৃতিক খাতে রাষ্ট্রীয় মূলধন সরবরাহ করে।

কমিশনের ভাষ্য অনুযায়ী, এই পরিবর্তনের লক্ষ্য হলো চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর জন্য কাজের পরিবেশ সহজ করা এবং পুরো শুটিং প্রক্রিয়ায় নগদ অর্থপ্রবাহ আরও পূর্বানুমানযোগ্য করা। আগের নানা জটিলতা ও অভিযোগ দূর করতেই এই সংস্কার আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন আঞ্চলিক অস্থিরতা ও সাম্প্রতিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে পর্যটন ও বিনিয়োগ খাত কিছুটা চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরব তাদের ভিশন ২০৩০ অর্থনৈতিক বৈচিত্র্যকরণ পরিকল্পনার অংশ হিসেবে চলচ্চিত্র শিল্পকে আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে।

সৌদি আরব বলছে, আন্তর্জাতিক প্রযোজকদের কাছে স্বচ্ছতা ও দ্রুত প্রক্রিয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন ব্যবস্থায় এসব দিক উন্নত করার চেষ্টা করা হয়েছে।

৬০ শতাংশ প্রণোদনার এই হার বর্তমানে বিশ্ব চলচ্চিত্র প্রণোদনা ব্যবস্থায় অন্যতম সর্বোচ্চ। ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অনেক দেশের তুলনায় এটি অনেক বেশি। তবে এই প্রকল্পের মোট বাজেট ও বার্ষিক সীমা এখনো প্রকাশ না করায় এর বাস্তব কার্যকারিতা নিয়ে কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495