হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।

এর আগে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা ওই হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ব্যারিস্টার সুমন। পরে সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার সিদ্ধান্ত দেয় এবং মামলাটির রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় যুবদল নেতা হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পর দায়ের হওয়া মামলায় ব্যারিস্টার সুমনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন এবং আদালতে দেখা হবে।

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর এই মামলায় তিনি পাঁচ দিনের রিমান্ডেও ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495