টয়লেট থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:১০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় অবৈধভাবে মজুত করা ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টং পাড়া এলাকায় একটি বাড়ির টয়লেট থেকে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বাড়িতে ঝটিকা তল্লাশি চালায় জেলা প্রশাসন। অভিযান চলাকালে বাড়ির টয়লেটের ভেতরে লুকানো অবস্থায় ৩টি প্লাস্টিকের ড্রাম ভর্তি মোট ১৪৫ লিটার ডিজেল পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার দায়ে বাড়ির মালিক সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ১৪৫ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে সাধারণ ক্রেতাদের কাছে সরকারি মূল্যে বিক্রি করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সংবাদমাধ্যমকে জানান, জনস্বার্থে এবং তেলের বাজার স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। কাউকে এ ধরনের অবৈধ মজুত করে সংকট তৈরি করতে দেওয়া হবে না।