টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘিরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর গাড়িবহরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তারা বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করলে টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল পৌনে ১০টার দিকে গাড়িবহর সেখানে পৌঁছালে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগান শুরু করেন। একপর্যায়ে তারা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। বিক্ষোভে নেতৃত্ব দেন তার ছেলে রনি সরকার। তবে এ ঘটনায় বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

রনি সরকার দাবি করেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে তার বাবার বিষয়ে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান জানান।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর স্বাভাবিক গতিতেই অতিক্রম করেছে এবং এটি থামানো হয়নি। তবে সেখানে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগানের ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। পরে হাইকোর্ট কয়েকজনকে মৃত্যুদণ্ড ও কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল পর্যায়ে রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495