ধান খাওয়ায় মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, অত:পর...
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ এএম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ২৯টি ছানাকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাছা মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে, যিনি একই সঙ্গে ২৭টি বাবুই পাখির বাসাও ভেঙে ফেলেছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া ঈশ্বরভুট্ট বাজার এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত বাছা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।
ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজের ফসলি জমির ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ২৭টি বাসা ভেঙে ফেলেছেন। ভাঙা বাসাগুলোর ভেতরে ২৯টি ছোট ছানা পাওয়া যায়, যেগুলো মারা গেছে।
এদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।