বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় বিএনপির ছয়জন নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, গত রোববার (১৯ এপ্রিল) সকালে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, দাওয়াত না পাওয়ায় কয়েকজন বিএনপি নেতা অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন।
এ সময় বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করে। পরবর্তীতে বিদ্যালয়ের অফিস কক্ষ ও প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নজরে এলে তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে জরুরি সভা করে ইউনিয়ন বিএনপির ২২ জন সদস্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন এবং বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয়জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।