গাজীপুরে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জন খুন, আটক ২

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন সন্তান ও ছোট ভাই। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে নিহত নারীর স্বামী ফোরকান মিয়াকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। এর আগে সকালে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ জানায়, পলাতক ফোরকান মিয়ার গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), বড় মেয়ে মীম (১৫), মেয়ে মারিয়া (৮), ছোট মেয়ে ফারিহা (২) এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলের দৃশ্য ছিল অত্যন্ত মর্মান্তিক। তিন শিশুর গলা কাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর। এছাড়া হাত-মুখ বাঁধা অবস্থায় জানালার পাশে পড়ে ছিল শারমিনের নিথর দেহ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়া ওঠেন ফোরকান মিয়া। শুক্রবার রাত পর্যন্ত পরিবারটিকে স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও শনিবার সকালে ঘরের ভেতর পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।

প্রতিবেশীদের দাবি, ফোরকান মিয়া ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495