একই পরিবারে ৫ খুন: লাশগুলোর উপরে মিলল টাইপ করা চিরকুট, যা লেখা আছে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:২৯ পিএম
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পর নিহতদের মরদেহের ওপর কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্র রেখে পালিয়ে যান ফোরকান মিয়া নামে এক ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মরদেহের ওপর একই ধরনের পাঁচটি টাইপ করা অভিযোগপত্র পাওয়া গেছে। সেখানে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর অভিযোগ লেখা ছিল বলে উল্লেখ রয়েছে।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া অভিযোগপত্রগুলো সত্যিই থানায় জমা দেওয়া হয়েছিল কি না, নাকি শুধু ঘটনাস্থলে রেখে যাওয়া হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযোগপত্রে দাবি করা হয়, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম স্বামীর উপার্জনের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছেন। এছাড়া খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল বলেও অভিযোগ তোলা হয়।
চিরকুটে আরও বলা হয়, এসব বিষয় নিয়ে দাম্পত্য কলহের একপর্যায়ে গত ৫ মে শারমিন খানম ও কথিত প্রেমিক রাজু আহমেদ মিলে ফোরকান মিয়াকে মারধর করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। প্রবাসী মনির হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ফোরকান মিয়া।
নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৪০), তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।
পুলিশ জানিয়েছে, হত্যার পর মোবাইল ফোনে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়ে পালিয়ে আছেন ফোরকান মিয়া। ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।