স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ, সেই ৪ স্কুলছাত্রী মিলল গাজীপুরে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:০৭ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো- সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)।
তাদের মধ্যে সানজিদা আক্তার ও ইসমত জেরিন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সানজিদা আক্তার রায়সা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। অপরদিকে আয়শা আক্তার অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার কিশোরী জানিয়েছে, পোশাক কারখানায় চাকরি করার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়। পারিবারিক অভিমান ও আবেগের বশবর্তী হয়ে তারা এমন সিদ্ধান্ত নেয়। পরে সঙ্গে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গাজীপুরে চলে যায় এবং মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল।
একপর্যায়ে তারা একটি কম্পিউটারের দোকানে গিয়ে জীবনবৃত্তান্ত তৈরির সহযোগিতা চায়। দোকানির কাছে থাকা ফোন নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে র্যাব ও পুলিশ।
বর্তমানে উদ্ধার হওয়া চার শিক্ষার্থী মৌচাক পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত রোববার সকালে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় চার স্কুলছাত্রী। পরে তাদের পরিবারের সদস্যরা বাউফল থানায় সাধারণ ডায়েরি করেন।