ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছেছে, পাশাপাশি খোঁড়া হয়েছে কবর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৫৮ এএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে নেমে এসেছে গভীর শোক। ওমানে বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো একই পরিবারের চার ভাইয়ের মরদেহ বুধবার (২০ মে) সকালে গ্রামের বাড়িতে পৌঁছেছে।

চারটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ আনার পর থেকেই বাড়িটিতে ভিড় করছেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। বান্দারাজার পাড়ার আবদুল মজিদের বাড়িতে এখন কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

সাদা কাফনে মোড়ানো চার ভাইয়ের নিথর দেহ একসঙ্গে দেখে শোকে স্তব্ধ হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, একই পরিবারের চার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু ও একই দিনে মরদেহ ফেরার ঘটনা আগে কখনো দেখেননি তারা।

নিহত চার ভাই হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ। জীবিকার সন্ধানে তারা দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওমানের আল বাতিনাহ অঞ্চলের আল মিলিদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। খবর দেশে পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার (১৯ মে) রাতে মরদেহগুলো দেশে পৌঁছালে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।

সকাল ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি খোঁড়া চারটি কবরে তাদের দাফন করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495