আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৩৬ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওসমান গনি নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেছেন।
বুধবার রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে ওসমান গনির বিরোধ তৈরি হয়। এর জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে তাকে প্রথমে আড়াইহাজারের একটি হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসমান গনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে ক্ষুব্ধ নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।