চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল এলাকা, পুলিশ-জনতার সংঘর্ষ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৩৮ পিএম
চট্টগ্রামের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের।
বৃহস্পতিবার রাতের দিকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহকারী পরিচালক এমদাদুল হক জানান, নগরীতে নিয়মিত টহলের অংশ হিসেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানঘাটার বিসমিল্লাহ ম্যানশন নামের একটি ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। অভিযুক্তকে আটক করে ভবনটি ঘিরে ফেলেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
সন্ধ্যার দিকে পুলিশ অভিযুক্তকে ভবন থেকে বের করে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে দেয় এবং অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ শব্দ গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। জবাবে এলাকাবাসীও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।