ফেনীতে র‍্যাব ক্যাম্পের পাশ থেকে অস্ত্রের মুখে গরু ছিনতাই

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা গরুর পালে হানা দিয়ে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় র‍্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আটটি গরু কিনেছিলেন। বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ফেনী শহরের রামপুর এলাকায় এনে বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজনের একটি দল এসে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়িটির পিছু নিলেও ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি প্রশাসনের কাছে গরুটি উদ্ধারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু এনে ফেনীর হাট-বাজারে বিক্রি করছেন। কিন্তু প্রকাশ্যে অস্ত্রের মুখে গরু ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। গবাদিপশু নিয়ে এখন উদ্বেগে রয়েছেন অনেক ব্যবসায়ী।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, রামপুরে গরু ছিনতাইয়ের ঘটনাটি পুলিশ জেনেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495