হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের লড়াইয়ে আহত অর্ধশতাধিক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৫৬ পিএম
হবিগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২–০ গোলে পরাজিত হলে খেলা শেষে মাইকে ফলাফল ঘোষণা করা হয়। এরপর ফলাফল ও খেলার বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করেন।
তবে বুধবার দুপুরে দুই পক্ষের লোকজন আবারও মুখোমুখি হলে উত্তেজনা চরমে ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।