বোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ান

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ এএম

ছবি: সংগৃহীত

উসেইন বোল্টের ২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ড এখনো অক্ষত রয়েছে। তবে এবার বয়সভিত্তিক পারফরম্যান্সে তাকে ছাড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ স্প্রিন্টার গাউট গাউট।

দক্ষিণ সুদান বংশোদ্ভূত এই কিশোর অ্যাথলেট অস্ট্রেলিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে, যা নতুন অস্ট্রেলিয়ান জাতীয় রেকর্ড। পাশাপাশি অনূর্ধ্ব–২০ বিভাগে এটি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়।

একই বয়সে উসেইন বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড, সে হিসেবে গাউট গাউটের পারফরম্যান্স তাকে ছাড়িয়ে গেছে বলে আলোচনা হচ্ছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, এটি অনূর্ধ্ব–২০ পর্যায়ে অন্যতম সেরা রেকর্ডগুলোর একটি।

অন্যদিকে ২০ বছর বা তার কম বয়সীদের মধ্যে সবচেয়ে দ্রুত সময়ের রেকর্ড রয়েছে যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের দখলে, যিনি ২০২২ সালে ১৯.৪৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করেছিলেন।

কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া এই তরুণ এর আগেও ১৯.৮৪ সেকেন্ডে দৌড়েছিলেন, তবে সেটি বাতাসের সহায়তায় হওয়ায় আনুষ্ঠানিকভাবে গণ্য হয়নি। এবার সম্পূর্ণ বৈধ দৌড়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

গাউট গাউট বলেন, এমন টাইমিং করার মতো গতি ও শারীরিক সক্ষমতা তার আছে—এটা জানার পর তার ওপর থেকে বড় চাপ কেটে গেছে। তিনি আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত বলেও জানান।

তার কোচ ডি শেফার্ড জানান, তিনি এত কম সময়ের আশা করেননি, ধারণা ছিল ২০ সেকেন্ডের নিচে যাবে, কিন্তু এত দ্রুত হবে তা কল্পনাও করেননি।

একই প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া অ্যাইডেন মারফিও ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে নজর কাড়েন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495