আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না: সাকিব

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৫৫ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বিষয় তুলে ধরেন।

সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি কেউ আওয়ামী লীগ করে না।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই ক্রিকেটার জানান, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। নতুন রাজনৈতিক দল গঠন না করে কেন প্রচলিত রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন এমন প্রশ্নেও নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন তিনি।

গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন মিরপুর নাকি নিজ জেলা মাগুরা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”

নির্বাচনে অংশ নেওয়ার পেছনে নিরাপত্তাজনিত কোনো কারণ ছিল কি না, এমন প্রশ্নে আবেগঘন প্রতিক্রিয়া দেন সাকিব। তিনি বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।” তার এই বক্তব্যে নিজ এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও শেকড়ের টান উঠে আসে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার নতুন করে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495