গাজার ‘নিরাপদ অঞ্চলেই’ দেড় মাসে ১৩৩ হামলা, নিহত প্রায় দুই হাজার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম

ছবি: সংগৃহীত

গাজায় কথিত ‘মানবিক নিরাপদ অঞ্চলগুলোতে’ একের পর এক ইসরায়েলি হামলায় বেড়েই চলেছে প্রাণহানি। শনিবার (২৭ সেপ্টেম্বর) নতুন করে চালানো হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহলের সমালোচনা উপেক্ষা করেই দখলদার ইসরায়েলি সেনারা অবরুদ্ধ উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করেছে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ইসরায়েল গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণ ও মধ্যাঞ্চলে সরিয়ে নিতে এসব এলাকা ‘নিরাপদ’ বলে প্রচার করছে। অথচ বাস্তবে গত ১১ আগস্ট থেকে এ পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় অন্তত ১৩৩ দফা হামলায় ১ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে, যা গাজার মোট প্রাণহানির প্রায় ৪৬ শতাংশ। সংস্থাটির দাবি, এসব হামলা প্রমাণ করে সাধারণ মানুষকেই সরাসরি টার্গেট করা হচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে এবং সতর্ক করেছে, বিশ্ব নীরব থাকলে তা আরও হত্যাযজ্ঞ চালানোর জন্য ‘সবুজ সংকেত’ হিসেবে কাজ করবে।

অবরোধের কারণে বহুদিন ধরেই সংকটে থাকা গাজার হাসপাতালগুলো একের পর এক হামলায় কার্যত অচল হয়ে পড়ছে। গাজা সিটিতে চলমান তীব্র গোলাবর্ষণের কারণে জর্ডান ফিল্ড হাসপাতাল খালি করে ১০৭ রোগী ও সব চিকিৎসক-কর্মীকে সরিয়ে নিতে হয়েছে। ইতোমধ্যেই অ্যানাস্থেসিয়া ও অ্যান্টিবায়োটিকের মতো মৌলিক ওষুধ ফুরিয়ে গেছে। ক্ষুধার্ত চিকিৎসকেরা সীমাহীন কষ্টে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। দক্ষিণাঞ্চলের কিছু হাসপাতাল আংশিকভাবে চালু থাকলেও উত্তরের দিক থেকে আহতদের ঢল নামায় সেখানে চরম চাপ তৈরি হয়েছে।

আল-আকসা হাসপাতালের চিকিৎসক খলিল দিগরান অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে শিশুদের একমাত্র বিশেষায়িত হাসপাতাল ‘রান্তিসি’কে লক্ষ্যবস্তু করেছে। তিনি সতর্ক করেছেন, হামলা অব্যাহত থাকলে দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে।

গাজার ভয়াবহ পরিস্থিতি ঘিরে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবার জার্মানির বার্লিন ও যুক্তরাজ্যের লিভারপুলসহ বিভিন্ন শহরে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে। তবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তাদের কাছে কোনো প্রস্তাব পৌঁছায়নি। হামাসের এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, “আমাদের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।”

আগামী সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495