তামিলনায়ডুতে নির্বাচনী সমাবেশে পদদলিত হতাহতের ঘটনায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের আশঙ্কা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
তামিলনায়ডুতে এক নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যু হওয়ার ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় ও তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এই অভিনেতাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই হতাহতের ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হওয়ায় চেন্নাইয়ে বিজয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যা তামিলনাড়ুর কারুর জেলার এই দুর্ঘটনা তদন্ত করবে।
ধীরে ধীরে জনমতের চাপ বৃদ্ধি পাওয়ায় বিজয়কে গ্রেপ্তারের দাবিও জোরালো হচ্ছে। বিশেষ করে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের উদাহরণ উল্লেখ করা হচ্ছে। এর আগে ‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির সময় হায়দরাবাদে পদদলিত হয়ে বেশ কিছু প্রাণহানি ঘটেছিল। ওই ঘটনায় তদন্ত কমিশন আল্লু অর্জুনকে তার দলের অব্যবস্থাপনার দায়ে গ্রেপ্তার করেছিল।
বর্তমান পরিস্থিতিতে বিজয়েরও গ্রেপ্তারের সম্ভাবনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, তিনি নিরাপত্তা সতর্কতা অবহেলা করেছেন। সমাবেশে তিনি দুপুরে পৌঁছানোর কথা থাকলেও প্রায় সাত ঘণ্টা দেরিতে আসেন। এতে সমাবেশস্থল অতিরিক্ত জনসমাগম ও গরমে অতিষ্ঠ হয়ে ওঠে, অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়েন।
এই ঘটনার পরে প্রশাসন ও তদন্ত কমিশন সতর্ক হয়েছেন যে, সমাবেশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও মারাত্মক ঘটনা ঘটতে পারে।