ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে মুজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১৪ এএম
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ঘিরে আলোচনার জেরে। বুধবার (৪ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনি-কে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন এবং তাকে মাশহাদ শহরের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। যদিও দাফনের নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার পর কনস্যুলেটের আশপাশ এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ড্রোন হামলার ফলে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া যায়। সেখানেও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।