শাশুড়ির শেষকৃত্য নিয়ে ভ্লগ, বিপাকে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

শোকের সময় সাধারণত পরিবার ও স্বজনদের নীরবতা ও অশ্রুতেই কাটে। কিন্তু সেই মুহূর্তে ক্যামেরা চালু করে পুরো ঘটনাপ্রবাহ ধারণ ও প্রকাশ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় এক নারী কনটেন্ট নির্মাতা মহুয়া গঙ্গোপাধ্যায়।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘প্রবাসে ঘরকন্না’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি পাতার মাধ্যমে পরিচিতি পাওয়া এই নারীর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেটব্যবহারকারী। শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্যের দৃশ্য ধারণ করে প্রকাশ করাকে অনেকেই অর্থ উপার্জনের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন।

জানা যায়, দীর্ঘদিন বিদেশে বসবাস করলেও নিয়মিত জীবনধারাভিত্তিক ভিডিও তৈরি করে অনুসারীদের কাছে পরিচিত হয়ে ওঠেন মহুয়া গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যু হলে তিনি দ্রুত বিদেশ থেকে ভারতে ফিরে আসেন।

তবে পরিবারের এমন কঠিন সময়েও তিনি ক্যামেরা বন্ধ রাখেননি। দুই দিন আগে তার পাতায় শাশুড়ির মরদেহ, তার সামনে বসে কান্নার দৃশ্য এবং শেষযাত্রার বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই সেটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র সমালোচনা।

ভিডিওটির নিচে মন্তব্য করে অনেক অনুসারী হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, দর্শক ও অর্থের জন্য মৃত মানুষকে ব্যবহার করা অত্যন্ত লজ্জাজনক। আবার কেউ বলেছেন, শোকাহত পরিবারের সদস্যদের সামনে ক্যামেরা ধরাটা সংবেদনশীলতার অভাবের পরিচয়।

সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন, ব্যক্তিগত শোকের বিষয়গুলো আড়ালেই রাখা উচিত ছিল। তবে এ বিষয়ে মহুয়া গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495