ইসরাইলের পারমাণবিক কেন্দ্রের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, শতাধিক আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম
ইসরাইলের দক্ষিণাঞ্চলের আরাদ ও দিমোনা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া অন্তত দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হলে সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আরাদ ও দিমোনা শহর দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরাদ শহরে একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানলে অন্তত ৫৯ জন আহত হন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। হামলার পর অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শহরের কেন্দ্রস্থলে একটি ভবনের মাঝামাঝি স্থানে আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে দিমোনা শহরেও ক্ষেপণাস্ত্র হামলায় একটি তিনতলা ভবন ধসে পড়ে। সেখানে অন্তত ৩৯ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে জরুরি সেবা সূত্রে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল ইসরাইলের পারমাণবিক গবেষণা কেন্দ্র, যা দিমোনা থেকে প্রায় ১০ কিলোমিটার এবং আরাদ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। সামরিক সূত্রে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ার পরই তা আরাদে সরাসরি আঘাত হানে।