হরমুজ প্রণালির জটিলতায় ইরাক থেকে তেল নিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১০:০২ পিএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালির মাধ্যমে তেল পরিবহন ব্যাহত হওয়ায় ইরাক থেকে তেল আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরাক থেকে আমদানি করা তেলের পরিমাণ দৈনিক ১ লাখ ১৩ হাজার ব্যারেল নেমে এসেছে। এর আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ৩ লাখ ৯ হাজার ব্যারেল। এক সপ্তাহে প্রায় ১ লাখ ৯৬ হাজার ব্যারেল কমে গেছে।
হরমুজ প্রণালির চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ইরাকসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট তেল আমদানি বৃদ্ধি পেয়েছে। ৯টি প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্র দৈনিক প্রায় ৬৩ লাখ ৯১ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা আগের সপ্তাহের তুলনায় বেশি।
তেলের সবচেয়ে বড় সরবরাহকারী ছিল কানাডা। এরপর রয়েছে সৌদি আরব, মেক্সিকো ও ভেনেজুয়েলা। এছাড়া ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল ও নাইজেরিয়া থেকেও তেল আমদানি করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বেশি তেল ব্যবহারকারী হিসেবে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল ব্যবহার করে। এর বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল। সূত্র: শাফাক নিউজ, আনাদোলু এজেন্সি