যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ এক ঘটনায় নিজের সাত সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছেন শামার এলকিন্স নামের এক ব্যক্তি। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে লুইজিয়ানার শ্রিভেপোর্ট শহরের দুটি বাড়িতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। শ্রিভেপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। আহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন, যিনি সন্দেহভাজনের সন্তানদের মা।

ঘটনার পর অভিযুক্ত শামার এলকিন্স গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

এই মর্মান্তিক ঘটনার পেছনের কারণ এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এলকিন্স।

নৃশংস এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে পুরো শ্রিভেপোর্ট শহর। শহরের মেয়র টম আর্সেনো একে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে বলেন, এটি সম্ভবত তাদের দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি ও তার স্ত্রীও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। চলতি বছরেই দেশটিতে অন্তত ১১৯টি বন্দুক হামলার ঘটনায় ৭৯ জন শিশুসহ ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495