যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালালো ইসরায়েল, একদিনে নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:৩১ পিএম
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় একদিনেই অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার (২ মে) লেবাননের হাব্বুশ এলাকায় এই বিমান হামলা চালানো হয়। হামলার আগে স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই মাস ধরে চলমান ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ।
এর জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করেছে। শনিবার শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, আত্মঘাতী ড্রোন ও কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে। অন্যদিকে, আঞ্চলিক শক্তি ইরান শান্তি আলোচনার অংশ হিসেবে ১৪ দফা প্রস্তাব দিয়েছে, যেখানে লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা