যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরাইলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চলমান থাকলেও লেবাননে ইসরাইলি হামলা থামছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে ইসরাইল ধারাবাহিকভাবে চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যসেবাকেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। বিশেষ করে বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় হেলথ অথরিটির দুটি স্থাপনায় সরাসরি হামলার অভিযোগ করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বাহিনী মানবিক নীতিমালা উপেক্ষা করে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হামলা বাড়িয়ে চলেছে। এতে চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে নতুন সামরিক অভিযান শুরুর পর লেবাননে এখন পর্যন্ত দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, একই সময়ের মধ্যে ইসরাইলের ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন লেবাননি চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলে লেবানিজ সিভিল ডিফেন্সের প্রধান আলি সাফিউদ্দিন আল জাজিরাকে বলেন, প্রতিদিনই তারা চরম ঝুঁকির মধ্যে কাজ করছেন। যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

টাইর থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিট্টো বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে ফ্রন্টলাইনে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

গাজা ও লেবাননে দায়িত্ব পালন করা যুদ্ধ সার্জন ও মানবিক সহায়তাকর্মী ডা. তাহির মোহাম্মদ বলেন, গাজা ও লেবাননে ইসরাইলি অভিযানের ধরনে অনেক মিল রয়েছে। তার দাবি, দুই স্থানেই স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলার প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, ইসরাইল সুযোগ পেলে পুরো দক্ষিণ লেবানন দখলে নিতে চাইবে বলেও তার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ২ মার্চের পর থেকে ইসরাইলি হামলায় ১২ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, এরপরও হামলার তীব্রতা কমেনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495