প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই কোটি টাকার ডাকাতি করালেন তরুণী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:৫৭ পিএম
ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে প্রেমিককে নিয়ে বাবার বাড়িতেই কোটি টাকার ডাকাতির ঘটনায় এক তরুণীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অমতে প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা দীর্ঘ সাত-আট বছর ধরে আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে ভিন্ন জাতের হওয়ায় পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। এরপর প্রেমিককে নিয়ে বাড়ির বিপুল অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের পরিকল্পনা করেন ওই তরুণী।
গত ১১ মে ভোরে মুরাদাবাদে ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১ কোটি ২০ লাখ রুপি নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে যায়, যাতে ঘটনার কোনো প্রমাণ না থাকে। ওই সময় বাড়িতে ব্যবসায়ী ইমরান, তার স্ত্রী সীমা, দুই ছেলে ও দুই মেয়ে উপস্থিত ছিলেন।
ঘটনার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, আরিবা নিজেই প্রেমিক আরশাদকে বাড়িতে রাখা টাকার তথ্য দিয়েছিলেন। এমনকি ঘটনার এক মাস আগে তিনি বাড়ির মূল ফটকের চাবিও প্রেমিকের হাতে তুলে দেন। ডাকাতির রাতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে দিয়ে ডাকাতদের প্রবেশে সহায়তা করেন তিনি।
শুক্রবার (১৫ মে) আরিবা, আরশাদ ওয়ারসিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার রুপি নগদ অর্থ, চারটি দেশীয় পিস্তল, পাঁচটি মোবাইল ফোন ও দুটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ডাকাতির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে লুট হওয়া বাকি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান চলছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।