জোটে থাকছে না ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
১১ দলের নির্বাচনি জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি আসন্ন নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি জানান, দলটি শুরুতে ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ জন প্রার্থী মাঠে রয়েছেন। কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো প্রার্থী যেন মনোনয়ন প্রত্যাহার না করেন।
গাজী আতাউর রহমান বলেন, “শুধু কাঙ্ক্ষিত আসন না পাওয়ার বিষয়টি নয়, যে লক্ষ্য ও উদ্দেশ্যে জোট গঠিত হয়েছিল, সেখান থেকে জোটের বড় দল জামায়াতে ইসলামী সরে আসায় আমরা আর তাদের সঙ্গে আসন সমঝোতায় থাকতে পারিনি।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ইসলামী ব্যবস্থা কায়েমে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়া। ‘এক বাক্সে ভোট’ নীতির উদ্যোগ প্রথম তাদের দলই নিয়েছিল, যেখানে পরে জামায়াতে ইসলামী যুক্ত হয়।
জামায়াতকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, জোটের ভেতরে কাউকে না জানিয়ে শেষ মুহূর্তে নতুন তিনটি দল যুক্ত করা হয়েছে এবং একাধিক সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে। এতে করে ন্যায় ও ইনসাফের রাজনীতির পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের মতামত বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত ১১ দলের জোট থেকে বেরিয়ে এসে একক নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ১১ দলের পক্ষ থেকে চূড়ান্ত আসন সমঝোতা ঘোষণার সময় ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যদিও ওই সমঝোতায় দলটির জন্য ৪৭টি আসন ফাঁকা রাখার কথা জানানো হয়েছিল।