তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
দীর্ঘ রাজনৈতিক অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক পর পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলের চেয়ারম্যান তারেক রহমান-কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
মঙ্গলবার বিকেলে নবগঠিত সরকারের ৫০ সদস্যের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।
রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতাবলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এটি তার রাজনৈতিক জীবনের বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৬ সালের পর এই প্রথমবারের মতো বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।