বর্ণিল আয়োজনে বর্ষবরণ: চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রায় জনসমুদ্র
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম
বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপনকে ঘিরে রাজধানীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া এ শোভাযাত্রায় বিভিন্ন বয়স ও পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
শোভাযাত্রাজুড়ে ছিল রঙিন মুখোশ, বৃহৎ মোটিফ ও লোকজ শিল্পের নান্দনিক উপস্থাপনা। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে চারুকলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা রূপ নেয় উৎসবমুখর বর্ণিল পরিবেশে।
নিরাপত্তা নিশ্চিতে শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কড়া ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় ছিল।
এর আগে ভোরে রমনার বটমূলে অনুষ্ঠিত হয় বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠান। সেখানে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। প্রায় দুই ঘণ্টার এ আয়োজনে পরিবেশিত হয় মোট ২২টি গান।
বর্ষবরণকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকের কাছে এই আয়োজন কেবল উৎসব নয়, বরং বাঙালির শেকড়ে ফিরে যাওয়ার আবেগঘন এক উপলক্ষ।
অন্যদিকে শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই সাম্প্রতিক সময়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা অসাম্প্রদায়িক ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।