টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেন।
এ অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক গৌরব, আবেগঘন মুহূর্ত এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন তিনি।
মাহদী আমিন তার পোস্টে জানান, এই স্বীকৃতি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি বহন করছে। তিনি উল্লেখ করেন, এক কঠিন সময়ে যখন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত ছিল এবং ভোটাধিকার ও বাকস্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল, তখন তারেক রহমান দৃঢ়তা ও সাহস নিয়ে সামনে এগিয়ে আসেন।
তার ভাষ্য অনুযায়ী, তারেক রহমান শুধু রাজনৈতিক নেতৃত্বই দেননি, বরং সাধারণ মানুষের মাঝে আশা জাগিয়ে তুলেছেন এবং নির্যাতিতদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন।
পোস্টে আরও বলা হয়, তার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত।
দেশে ফেরার পর প্রধানমন্ত্রী একটি সুপরিকল্পিত কর্মসূচির ঘোষণা দেন এবং বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত বাংলাদেশ গঠনে কার্যক্রম শুরু করেন বলেও উল্লেখ করা হয়। নির্বাচিত সরকারের স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এই আন্তর্জাতিক স্বীকৃতিকে গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের ফল উল্লেখ করে মাহদী আমিন বলেন, এটি প্রমাণ করে—একজন নেতার প্রকৃত শক্তি ক্ষমতায় নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিহিত।
তিনি আরও বলেন, এই অর্জন শুধু একজন ব্যক্তির নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের। এটি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয় এবং বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রার প্রতীক।