শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম
শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম, এমনকি যারা ইউনিফর্ম পরে, তারাও তাদের শিক্ষক কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না।
রোববার (২৬ এপ্রিল) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, এখন অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন মন্তব্য করেন। ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’—এ ধরনের কথাবার্তা উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে ফেসবুক লাইভ দেখা এবং ভাইরাল হওয়ার প্রবণতা সমাজে বাড়ছে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে তরুণ প্রজন্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। এমনকি ইউনিফর্ম পরা শিক্ষার্থীরাও শিক্ষক বা মন্ত্রীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না। এতে প্রশ্ন উঠছে—আমরা আমাদের তরুণদের কোন পথে নিয়ে যাচ্ছি এবং তারা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে না।
ড. মিলন বলেন, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যা ভবিষ্যতের শক্তি হিসেবে বিবেচিত, তা আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি কি না, সেটিও এখন বড় প্রশ্ন।
মেধাস্বত্ব প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মেধাস্বত্ব ব্যবস্থায় বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে। দেশের উদ্ভাবন ও মেধাস্বত্ব অনেক সময় বিদেশে নিবন্ধন ও স্বীকৃতি পেলেও দেশে তা যথাযথভাবে প্রতিষ্ঠা করা যাচ্ছে না, যার অন্যতম কারণ প্রশাসনিক দুর্বলতা।