টানা ৭ দিনের ছুটির সুযোগ আসছে
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য আবারও দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে টানা সাতদিন ছুটি পাওয়ার সুযোগ রয়েছে।
তথ্য অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি নির্ধারিত থাকতে পারে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায়, সেটিও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে একটি কর্মদিবস খোলা রেখে ছুটি সমন্বয় করা হলে মোট ছুটির সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস বলছে, মধ্যপ্রাচ্যে ২৬ মে আরাফাত দিবস পালিত হতে পারে। সে হিসেবে সেখানে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণ নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।