মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৫৮ পিএম
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি দেশের জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ প্রদান করেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া আলোচনায় এমপি আমির হামজা মন্ত্রীকে লক্ষ্য করে তীব্র কটূক্তি করেন।
এই ঘটনার প্রেক্ষিতে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের দিনই আদালত মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে গত ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন আদালত।
পরবর্তী নির্দেশনায় আজ রোববার (১৭ মে) আদালতে আমির হামজার পুনরায় হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু আজও তিনি আদালতে উপস্থিত হননি। আসামির এমন ধারাবাহিক অনুপস্থিতির কারণেই তাঁকে গ্রেপ্তার করতে শেষ পদক্ষেপ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এই কড়া নির্দেশ দেন আদালত।
মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, "আইনের চোখে সবাই সমান। বারবার সমন ও ওয়ারেন্ট জারির পরও একজন সংসদ সদস্য এভাবে আদালতকে অবজ্ঞা করে অনুপস্থিত থাকতে পারেন না। আদালত আজ যথাযথ প্রক্রিয়ায় তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।"