খালেদা জিয়ার সুস্থতা কামনা মোদির, প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তত ভারত
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ চাইলে ভারত সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
সোমবার (১ ডিসেম্বর) রাতে এক্স–এ দেওয়া এক পোস্টে মোদি খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি ও গণজীবনে দীর্ঘসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মোদি আরও বলেন, তার দ্রুত আরোগ্যের জন্য ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল। প্রয়োজনে ভারত সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এদিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডে যুক্ত রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্রের জনহপকিনস বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা। লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা প্রক্রিয়া সমন্বয় করছেন বলে জানা গেছে।