বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার একদিন পর শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন তিনি।
কবর জিয়ারতের মাধ্যমে বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি।
কবর জিয়ারত শেষে লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় স্মৃতিসৌধ এলাকায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়।
তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে জিয়া উদ্যান, সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ আগেই শেষ করা হয়েছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে সাভার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। স্থানীয় নেতারা জানান, স্মৃতিসৌধ এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের সমাগমের প্রস্তুতি রয়েছে।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় নজিরবিহীন জনসমাগম ঘটে। পরে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় তিনি দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যয়ের কথা তুলে ধরেন।