‘চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না, তোমাদের চেয়ে আমরা কম যুবক না’

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না, তোমাদের চেয়ে আমরা কম যুবক নই।” শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্যসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এখন আর শুধুই একটি সাধারণ ছাত্রসংগঠন নয়; ২০২৪-পরবর্তী বাস্তবতায় এটি কার্যত দেশের ছাত্রসমাজের অভিভাবক। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

সম্মেলনের প্রথম অধিবেশন সকাল ৮টায় শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে। তেলাওয়াত করেন ক্বারী শাইখ খোবাইবুল হক তানঈম আল-আজহারী। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে নিহত মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমান। অনুষ্ঠানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী, এবং গুম হওয়া সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে দেশের জন্য শহীদদের ত্যাগকে স্মরণ করেন। তিনি বলেন, “১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের জন্য অনেকে জীবন দিয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক থেকে শুরু করে বিপ্লবী শরিফ উসমান হাদি।”

জামায়াত আমির আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র, মাদক বা নারীদের ওপর কোনো বিশৃঙ্খলা যেন না হয়। মা-বোনেরা যেন শান্তি ও নিরাপত্তায় লেখাপড়া করতে পারে এবং প্রতিটি ছাত্র যেন মেধা বিকাশে মনোযোগী হতে পারে। ছাত্রশিবিরকে সে পরিবেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি যোগ করেন, “ছাত্রসমাজের কাঁধে শহীদদের রক্তের ঋণ এবং ১৮ কোটি মানুষের প্রত্যাশার বোঝা রয়েছে। আল্লাহ যেন তা বহন করার শক্তি দান করেন। ইনশাল্লাহ, শিক্ষাপ্রতিষ্ঠানে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একদিন বাংলাদেশেও ইনসাফের বিজয় হবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য আশরাফ আলী আকন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবং জাগপা মুখপাত্র রাশেদ প্রধান।

উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, এবং ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি। সম্মেলনে কয়েক হাজার ছাত্রশিবির সদস্য অংশগ্রহণ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495